কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Showing posts with label গান. Show all posts
Showing posts with label গান. Show all posts

Wednesday, September 28, 2011

ভয়



ভাষা ছেড়ে যাবে একদিন, তোয়াক্কা করি না
নীরবতা হারানোর কথা ভাবলেই
ভয় হয়

চোখ দেখে অন্য কোথাও
এলাচের ক্ষেতে জমে ঘ্রাণ
আড়মোড়া ভাঙা জনপদ
গ্লানিতে নিজের অম্লান

দৃষ্টি তো হারিয়ে যাবেই, তোয়াক্কা করি না
আঁধার হারানোর কথা ভাবলেই
ভয় হয়

সমাধান শিস দিলে আসে,
লেজ নাড়ে চাটে তালু গাল
সোয়াস্তি ছেঁটে ফেলে মেঘ
আয়নায় ধরছে সকাল

স্বস্তি তো হারিয়ে যাবেই, তোয়াক্কা করি না
সমস্যা হারানোর কথা ভাবলেই
ভয় হয়

চাবকে উঠছে গতিপথ
লালসা, স্পৃহার এই ঘাত
মোহ ধরে গতির নেশায়
পথে পথে বেড়ে ওঠে ছাদ

গতি করে যাবে বেগতিক, তোয়াক্কা করি না
স্থবিরতা হারানোর কথা ভাবলেই
ভয় হয়